
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- অ্যাপের সাহায্যে অনলাইন জুয়া চালানোর অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিশ। ধৃতের নাম আমির খান। বর্ধমান শহরের বিসি রোডের টিকে পাড়ায় তার বাড়ি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে শহরের ভেরিখানা মোড়ে দোকান খুলে সেখানে অনলাইন জুয়া চালাচ্ছিল আমির। সে অপারেটর। চক্রের পান্ডা অন্যজন। তার নামও জানতে পেরেছে পুলিশ। শুক্রবার দুপুরে ভেরিখানা মোড়ের দোকানটিতে হানা দেয় পুলিশ। সেই সময় আমির অনলাইন জুয়া চালাচ্ছিল। তাকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জেনেছে, ব্রহ্মাস্ত্র অ্যাপের মাধ্যমে কম্পিউটারের সাহায্যে সে অনলাইন জুয়া চালাচ্ছিল। ঘটনার বিষয়ে স্বপ্রণোদিত মামলা রুজু করেছে থানা। শনিবার ধৃতকে বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। ধৃতকে হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন অবশ্য পুলিশ জানায় নি। সপ্তাহে দু’দিন তদন্তকারী অফিসারের কাছে হাজিরা এবং তদন্তে সবরকম সাহায্যের শর্তে ধৃতের জামিন মঞ্জুর করেন সিজেএম।