E Purba Bardhaman

জেলা প্রশাসনের উদ্যোগে প্রথম স্যার রাসবিহারী ঘোষের জন্মদিন পালন

District administration celebrates Sir Rashbehari Ghosh's birthday

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- মঙ্গলবার প্রথম পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে পালিত হল স্যার রাসবিহারী ঘোষের ১৮১তম জন্মদিবস। এদিন সকালে বর্ধমানের টাউন হল থেকে শোভাযাত্রা বের হয়ে তা শেষ হয় জেলাশাসকের অফিসের সামনে। পদযাত্রায় পা মেলান বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক (শিক্ষা) প্রতীক সিং, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশংকর মণ্ডল-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিক, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। এই প্রথম জেলা প্রশাসনের উদ্যোগে রাজনীতিবিদ, আইনজীবী এবং সমাজকর্মী রাসবিহারী ঘোষের (জন্ম ২৩ ডিসেম্বর ১৮৪৫ – মৃত্যু ২৮ ফেব্রুয়ারি ১৯২১) জন্মদিনকে পালন করা হয়। District administration celebrates Sir Rashbehari Ghosh's birthday এদিন জেলাশাসকের অফিসের সামনে রাসবিহারী ঘোষের প্রতিকৃতিতে মাল্যদান করেন জেলাশাসক আয়েষা রাণী এ. জেলা পুলিশ সুপার সায়ক দাস-সহ জেলা প্রশাসনের আধিকারিক, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, দুই গবেষক রমজান আলি এবং সফিকুল ইসলাম প্রমুখরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে জেলাশাসক জানিয়েছেন, রাসবিহারী ঘোষকে নিয়ে আগামী ফেব্রুয়ারী মাসের মধ্যে আরও একটি অনুষ্ঠান করা হবে জেলা প্রশাসনের উদ্যোগে। যেখানে তাঁর জীবনী, কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। জেলাশাসক এদিন ঘোষণা করেন, পূর্ব বর্ধমান জেলার এই সমস্ত মনীষীদের নিয়ে জেলা প্রশাসন বেশ কিছু কর্মসূচী নিয়েছে। তাঁদের জন্মদিন, মৃত্যুদিন পালন সহ তাঁদের ইতিহাস তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন গবেষক রমজান আলি জেলা প্রশাসনের কাছে বর্ধমান কোর্ট চত্বরে দক্ষিণ দামোদরের তিন রত্ন রাসবিহারী ঘোষ, রাসবিহারী বোস এবং বটুকেশ্বর দত্তের পূর্ণাবয়ব মূর্তি স্থাপন করার আবেদন জানান। অন্যদিকে, জেলা পুলিশ সুপার জানিয়েছেন, রাসবিহারী ঘোষের জীবনী ও কর্মকাণ্ড নিয়ে যা জানা উচিত ছিল তা হয়নি। এটা আমাদের কাছে লজ্জার। বক্তব্য রাখতে গিয়ে এদিন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস জানান, ভারতবর্ষের স্বাধীনতায় বাংলার মানুষের অবদান অনস্বীকার্য। কিন্তু সেই বাংলার মানুষ আজ অন্য রাজ্যে গিয়ে নির্লজ্জভাবে আক্রান্ত হচ্ছেন। এর থেকে দুঃখের আর কিছু নেই। তিনি বলেন, প্রতিবছরই খণ্ডঘোষের তোড়কোনা গ্রামে রাসবিহীরা ঘোষের জন্মদিন পালন করা হয় এবং তিনি সেখানে যান। এবারই প্রথম জেলাশাসকের উদ্যোগে এই অনুষ্ঠান বর্ধমানেও হচ্ছে। এদিন গবেষক রমজান আলি রাসবিহারী ঘোষের সঙ্গে মাইকেল মধুসূদন দত্ত এবং ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মধ্যে সখ্যতার একটি উদাহরণ তুলে ধরেন। পাশাপাশি তাঁর কর্মকাণ্ডের কয়েকটি নজীর তুলে ধরেন।

Exit mobile version