
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমানে আয়োজিত দ্বিতীয় ভদ্রেশ্বর গোল্ড কাপে চ্যাম্পিয়ন হল রেলওয়ে এফসি। সোমবার বর্ধমান শহরের স্পন্দন স্টেডিয়ামে আয়োজিত ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তারা ফুটবল অ্যাসোসিয়েশন অফ উড়িষ্যাকে হারিয়ে দেয়। নির্ধারিত সময়ের খেলা ২-২ অবস্থায় শেষ হয়। পেনাল্টি শ্যুটআউটের ফল ৩-৩। সাডেন ডেথে ফুটবল অ্যাসোসিয়েশন অফ উড়িষ্যা গোল করতে ব্যর্থ হয়। রেলওয়ে এফসি গোল করে ট্রফি জিতে নেয়।
সেমি ফাইনালে রেলওয়ে এফসি কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলে টাইব্রেকারে বাজিমাত করে। এদিন ওড়িশার বিরুদ্ধে অবশ্য স্ট্র্যাটেজিতে পরিবর্তন আনে রেল দল। এদিন আক্রমণাত্মক ফুটবল খেলে রেল দল। ওড়িশার দলটি বেশ ভালো। খেলোয়াড়দের গতি এবং স্কিল রয়েছে। দলটি আক্রমণাত্মক ফুটবল খেলে।
দু’দলই আক্রমণাত্মক ফুটবল খেলায় ম্যাচটি বেশ উপভোগ্য হয়। শীতের সন্ধ্যায় ফ্লাড লাইটে দু’দলের খেলোয়াড়দের হাড্ডাহাড্ডি লড়াই এবং গতিময় ফুটবল দর্শকরা তাড়িয়ে উপভোগ করেন। বহুদিন পর ফুটবলকে ঘিরে এমন উন্মাদনা লক্ষ্য করা গেল বর্ধমানে। ম্যাচে ওড়িশার দলটির প্রাধান্য কিছুটা বেশি ছিল। ফাইনাল ম্যাচের প্রথমার্ধের ৩৪ মিনিটের মাথায় রাইট হাফ থেকে জিতু মুদুলির বাড়ানো পাসকে অসাধারণ দক্ষতায় জালে ঠেলে দেন অরবিন্দ লাকড়া। দ্বিতীয়ার্ধের খেলার ২ মিনিটের মাথায় সৌরভ মান্নার বাড়ানো সর্টকে দুর্ধর্ষভাবে হেডে দ্বিতীয় বারে বল ঠেলে দিয়ে খেলার সমতা ফেরান মহম্মদ ইজাজ। পালটা ২৫ মিনিটের মাথায় উড়িষ্যার কার্তিক হেন্তাল হেডে গোল দিয়ে দলকে এগিয়ে দিলেও ৩৩ মিনিটের মাথায় রেলের অনিকেত ঘোষ হেডে গোল দিয়ে খেলার সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে ২-২ থাকায় ট্রাইবেকারেও খেলা অমীমাংসিত থাকায় সাডেন ডেথে জয়ী হয় রেলওয়ে এফ সি।
এদিন খেলার মাঠে উপস্থিত ছিলেন এশিয়ান গেমস পদক জয়ী অর্জুন পুরস্কার প্রাপ্ত প্রাক্তন ক্রীড়াবিদ সোমা বিশ্বাস, বিডিএ চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক, বিধায়ক খোকন দাস, তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি রাসবিহারী হালদার, ভদ্রেশ্বর গোল্ড কাপের আয়োজক রিয়েল বুল কোচিং সেন্টারের সভাপতি সোমনাথ চট্টোপাধ্যায়, প্রধান উদ্যোক্তা লালবাবা রাইসের কর্ণধার সনত নন্দী, পার্থ নন্দী, পলাশ নন্দী, রাজনন্দিনী রাইসের দেবাশীষ নন্দী প্রমুখরা।