E Purba Bardhaman

বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা কমিটি ঘোষণা করা হল

Trinamool Congress's Purba Bardhaman district committee announced ahead of assembly polls

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আসন্ন বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে ঘর গোছানোর কাজ শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার ঘোষিত হল পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের নতুন জেলা কমিটি। একইসঙ্গে ঘোষণা করা হল মহিলা, যুব ও শ্রমিক সংগঠনের জেলা কমিটির তালিকাও। এদিন বর্ধমানের কালীবাজারে তৃণমূল জেলা অফিসে এই জেলা কমিটির তালিকা ঘোষণা করলেন জেলা সভাপতি বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি। এছাড়াও সহযোগী সংগঠনগুলির জেলা কমিটির তালিকা ঘোষণা করেন শাখা সংগঠনের জেলা সভাপতিরা। বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জির সাথে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃনমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, তৃণমূল মহিলা কংগ্রেসের জেলা সভাপতি নীলা মুন্সি, আইএনটিটিইউসি-র জেলা সভাপতি সন্দীপ বসু, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান বিধায়ক অপূর্ব চৌধুরী, জেলাপরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, বিধায়ক খোকন দাস, দেবু টুডু প্রমুখ। এদিন রবীন্দ্রনাথ চ্যাটার্জ্জী জানিয়েছেন, সামনেই বিধানসভা ভোট, তাই বিধায়করা স্বাভাবিকভাবেই নানা কাজে ব্যস্ত থাকবেন, সেইজন্য কয়েকটি বিধানসভা নিয়ে একজন করে পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। তিনি জানিয়েছেন, কাটোয়া, মঙ্গলকোট এবং কেতুগ্রাম বিধানসভার দায়িত্বে থাকবেন আজিজুল হক মণ্ডল। আউশগ্রাম, ভাতার এবং বর্ধমান উত্তর-এর দায়িত্বে থাকবেন দেবু টুডু। বর্ধমান দক্ষিণ, মেমারী, মন্তেশ্বর ও জামালপুরের দায়িত্বে থাকবেন বাগবুল ইসলাম। কালনা, পূর্বস্থলী উত্তর ও পূর্বস্থলী দক্ষিণের দায়িত্বে থাকবেন নবকুমার কর এবং গলসী, রায়না ও খণ্ডঘোষ বিধানসভার দায়িত্বে থাকবেন ড. দেবাশীষ নাগ। এই পর্যবেক্ষকরা তাঁদের দায়িত্বে থাকা বিধানসভার বিষয়গুলি বিধায়কের সঙ্গে আলোচনা করে কাজ করবেন। উল্লেখ্য, এদিন যে জেলা কমিটি ঘোষণা করা হয়েছে তাতে বহু পুরনো কর্মী, নেতাকে ঠাঁই দেওয়া হয়েছে। পুরনো কর্মীদের সম্মান দেওয়া হচ্ছে না বা পাত্তা দেওয়া হচ্ছেনা বলে যে অভিযোগ উঠছিল এই তালিকায় তার অনেকটাই মিটেছে বলে মনে করছেন জেলা তৃণমূল নেতারা। এদিন ঘোষণা করা তালিকায় মূল কমিটিতে ২৭ জন সহ-সভাপতি, ২৫ জন সাধারণ সম্পাদক, ১৮ জন সম্পাদক-সহ মোট ১১৯ জনের জেলা কমিটির তালিকা ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, জেলা তৃণমূল যুব কংগ্রেসের মোট ৬১জন কমিটির মধ্যে ১২ জন সহ-সভাপতি, ২৪ জন সাধারণ সম্পাদক ১৬ জনকে সম্পাদক করা হয়েছে। মহিলা তৃণমূল কংগ্রেসের মোট ৫০ জনের কমিটিতে ১৬ জন সহ-সভাপতি ১৪ জন সাধারণ সম্পাদক ১৪ জন সম্পাদকে নিয়ে জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। এরই পাশাপাশি ৬৫ জনের আইএনটিটিইউসি জেলা কমিটির মধ্যে ১৩ জন সহ-সভাপতি, ২১ জন জন সাধারণ সম্পাদক ২৬ জনকে সম্পাদক করে জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন জেলা কমিটি ঘোষণার পরই এদিন জেলা কমিটির বৈঠকে বসেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। জেলা সভাপতি জানিয়েছেন, নতুন এই জেলা কমিটিতে পদাধিকার বলে সমস্ত বিধায়ক এবং সাংসদরাও যুক্ত থাকছেন।

Exit mobile version