বৃহস্পতিবার থেকে বর্ধমানে শুরু হচ্ছে ১৮তম ভারত সংস্কৃতি উৎসব
admin
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বৃহস্পতিবার থেকে বর্ধমানে শুরু হচ্ছে ১৮তম ভারত সংস্কৃতি উৎসব। বর্ধমান টাউনহলে এই উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে হাজির থাকবেন বর্ধমানের রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী অজ্ঞেয়ানন্দ মহারাজ, বাবা সাহেব আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সোমা বন্দোপাধ্যায়, মন্ত্রী স্বপন দেবনাথ প্রমুখ। বুধবার সাংবাদিক বৈঠকে ভারত সংস্কৃতি উৎসবের সম্পাদক প্রসেনজিত পোদ্দার জানিয়েছেন, বর্ধমানে এই উৎসব ১৮ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে। ২৬ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই উৎসব অনুষ্ঠিত হবে কলকাতায়। এবছর এই উৎসবে মোট প্রতিযোগীর সংখ্যা ৮৭৭৭ জন। তার মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ও অন্যান্য রাজ্য থেকে আসা ৪৬৬২ জন প্রতিযোগী পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় আয়োজিত উৎসবে অংশ নেবেন। বর্ধমানে আয়োজিত উৎসবের অনুষ্ঠানগুলি হবে টাউন হল ময়দান, বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুল প্রেক্ষাগৃহ ও ময়দান, বর্ধমান রেলওয়ে রঙ্গমঞ্চ, অরবিন্দ স্টেডিয়াম এবং পান্থশালায়। প্রসেনজিতবাবু জানিয়েছেন, এবছর আমেরিকা, জাপান, দুবাই, ভিয়েতনাম, মালয়েশিয়া, শ্রীলংকা, হল্যাণ্ড এবং রোমানিয়ার শিল্পীরা ছাড়াও ভারতের ১৮টি রাজ্য থেকে প্রতিযোগীরা অংশ নিচ্ছেন। এদিন সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে হাজির ছিলেন বর্ধমান পুরসভার চেয়ারম্যান তথা ভারত সংস্কৃতি উৎসবের সভাপতি পরেশ সরকার, কার্য্যকরী সভাপতি অরূপ দাস, উৎসবের সমন্বয়ক শ্যামল দাস প্রমুখরা।