
আউশগ্রাম (পূর্ব বর্ধমান) :- পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম ১ ব্লকের বননবগ্রাম বাউল আশ্রমে তিনদিন ধরে আয়োজিত হলো ‘বাউল ফকিরি মেলা’। বাংলানাটক ডট কমের উদ্যোগে বননবগ্রামে শুক্রবার থেকে শুরু হওয়া তিন দিনের এই মেলা ‘মিলন’-এর অনুষ্ঠানের মাধ্যমে রবিবার সমাপ্ত হলো। বাংলানাটক ডট কম প্রতিষ্ঠাতা ডিরেক্টর অমিতাভ ভট্টাচার্য জানিয়েছেন, সকালে প্রভাতী গানের সাথে গ্রাম ঘোরা, তারপর আখড়ায় আখড়ায় গোষ্ঠগান-সহ বিভিন্ন ধরনের বাউল গান পরিবেশিত হয়।
অমিতাভ ভট্টাচার্য জানিয়েছেন, দেখতে দেখতে বাংলানাটক ডট কমের বার্ষিক বাউল ফকিরি মেলার ১৫ বছর হয়ে গেল, শুরু হয়েছিল ২০১০ সালে নদিয়া জেলার করিমপুর ব্লকের গোরভাঙ্গা গ্রামে। পরবর্তী সময়ে পূর্ব বর্ধমান জেলার বননবগ্রামে এই মেলা সরিয়ে নিয়ে আসা হয়েছে। এখানে ৫ বছর ধরে মেলা হচ্ছে। বাউল গানের প্রচার ও প্রসারের উদ্দেশ্যেই এখানে ‘বননবগ্রাম বাউল আশ্রম’ তৈরি করা হয়েছে।
অমিতাভ ভট্টাচার্য জানিয়েছেন, বাউল শিল্পীদের মধ্যে যুব সমাজের অন্তর্ভূতি বেড়েছে। ২০০৪ সালে বাউল শিল্পীদের গড় বয়স ছিল ৫১ বছর এখন সেটা দাঁড়িয়েছে ৩২ বছর। এবার এখানে অনুষ্ঠান দেখতে ও অংশ নিতে উপস্থিত ছিলেন রাজ্য, দেশ এবং বিদেশ থেকে আসা মানুষজন। সুইডেন, ফ্রান্স, জাপান থেকেও ওখানকার বিভিন্ন লোক শিল্পীরা উপস্থিত হয়েছিলেন।