E Purba Bardhaman

বেঙ্গল সুপার লিগে সুন্দরবন বেঙ্গল অটো এফসির কাছে প্রথম ম্যাচে হার বর্ধমান ব্লাস্টার্সের

Burdwan Blasters lost their first match to Sundarban Bengal Auto FC in the Bengal Super League

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বেঙ্গল সুপার লিগে (Bengal Super League) হোম ম্যাচে হাড্ডাহাড্ডি খেলায় সুন্দরবন বেঙ্গল অটো এফসির কাছে হেরে গেল বর্ধমান ব্লাস্টার্স। ম্যাচের ফল ২-১। সোমবার ব্লাস্টার্স-এর হোম ম্যাচটি বর্ধমানের স্পন্দন স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। কিন্তু, মাঠ প্রস্তুত না হওয়ায় স্পন্দন থেকে সরিয়ে বীরভূমের বোলপুর স্টেডিয়ামে খেলাটি হয়। মাঠে মোটামুটি দর্শক হয়। খেলাটি বেশ উপভোগ্য হয়েছে। শুরু থেকেই দু’দল আক্রমণে ঝাঁপিয়ে পড়ে। প্রথমাের্ধর শেষদিকে ম্যাচের রাশ তুলে নেয় বর্ধমান ব্লাস্টার্স। যদিও প্রথমাের্ধ দু’দলই কোনও গোল করতে পারেনি। দ্বিতীয়াের্ধর শুরু থেকেই আক্রমণ বাড়ায় বর্ধমান ব্লাস্টার্স। ম্যাচের ৫৫ মিনিটে দূরপাল্লার শটে দুর্দান্ত গোল করে দলকে এগিয়ে দেন দেবাশিস পরামাণিক। ৭১ মিনিটে বর্ধমানের এক ডিফেন্ডার বক্সের মধ্যে ফাউল করেন প্রতিপক্ষের আক্রমণ ভাগের এক খেলোয়াড়কে। রেফারি পেনাল্টি দেন। তা থেকে গোল করে সমতা ফেরান সুন্দরবন বেঙ্গল অটো এফসির রিচিয়ন্ড। পেনাল্টি থেকে গোল খেয়ে বর্ধমান ব্লাস্টার্স-এর ফুটবলাররা মানসিকভাবে পিছিয়ে পড়েন। সেই সুযোগ কাজে লাগিয়ে আক্রমণে ঝাঁঝ বাড়ায় বেঙ্গল অটো এফসি। ৭৮ মিনিটে বাঁদিক থেকে গড়ানো মাইনাসে জোড়ালো শটে গোল করে দলকে জয় এনে দেন আকিব নবাব। যদিও দ্বিতীয় গোলটি নিয়ে সন্তুষ্ট নয় বর্ধমান ব্লাস্টার্স (Burdwan Blasters) টিম ম্যানেজমেন্ট। দলের টেকনিক্যাল ডিরেক্টার গৌতম সরকার বলেন, আমাদের ছেলেরা খুব ভালো খেলেছে। আমাদের একটি নিশ্চিত পেনাল্টি দেওয়া হয়নি। তাছাড়া দ্বিতীয় গোলটির সময় দু’টি বল মাঠে ছিল। রেফারি বন্ধ না করে খেলা চালিয়ে যান। সেই সময় আমাদের ডিফেন্ডাররা দাঁড়িয়ে পড়ে। সেই সুযোগ কাজে লাগিয়ে বেঙ্গল অটো এফসি গোল করে।
এদিন টাইব্রেকারেও প্রতিপক্ষকে টেক্কা দেয় বেঙ্গল এফসি। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী দু’দল পাঁচটি করে পেনাল্টি মারে। পেনাল্টিতে বেঙ্গল অটো এফসি পাঁচটির মধ্যে চারটিতে গোল করে। বর্ধমান ব্লাস্টার্স দু’টি গোল করতে সক্ষম হয়। ব্লাস্টার্স-এর কোচ সন্দীপ নন্দী বলেন, দু’দিন হল দল তৈরি হয়েছে। একসঙ্গে অনুশীলন হয়নি। বোঝাপড়ার অভাব রয়েছে দলে। তা সত্বেও ছেলেরা দারুণ খেলেছে। আমরা এগিয়ে ছিলাম। আমাদের ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত করা হয়েছে। দ্বিতীয় গোলটির সময় আমাদের খেলোয়াড়রা দাঁড়িয়ে পড়েছিল। রেফারি খেলা চালিয়ে যান। তা থেকে ওরা গোল করে। বিষয়টি লিখিতভাবে টুর্নামেন্ট কমিটির কাছে জানানোর জন্য আমাদের কর্মকর্তাদের বলব।

Exit mobile version