
গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ভদ্রেশ্বর গোল্ড কাপের ফাইনালে উঠল ফুটবল অ্যাসোসিয়েশন অব ওড়িশা। শুক্রবার বর্ধমান শহরের স্পন্দন স্টেডিয়ামে নৈশালোকে আয়োজিত সেমিফাইনালে তারা ১-০ গোলে কলকাতার মহমেডান স্পোর্টিংকে হারিয়ে দেয়। ম্যাচে আগাগোড়া প্রাধান্য ছিল ওড়িশার দলটির। তাদের পাসিং এবং গতিময় ফুটবল নজর কেড়েছে। শুরু থেকেই তারা আক্রমণে যায়। তাদের খেলোয়াড়রা মাঝমাঠ দুর্দান্ত খেলেছে। মাঝমাঠ থেকে অহরহ বলের সাপ্লাই পেয়ে আক্রমণ ভাগও বেশ সক্রিয় ছিল। প্রথমাের্ধ তারা বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করে। ৪২ মিনিটের মাথায় জয়সূচক গোলটি করেন জিতু মুদুলি। মাঠের বাঁদিক থেকে গড়ানো পাস পেয়ে ডান পায়ের শর্টে জাল কাঁপিয়ে দেন তিনি।
দ্বিতীয়াের্ধও ব্যবধান বাড়ানোর কয়েকটি সুযোগ পায় তারা। কিন্তু, গোলমুখে স্ট্রাইকারদের ব্যর্থতার কারণে ব্যবধান বাড়েনি। দ্বিতীয়াের্ধ মহমেডান কিছুটা খেলার চেষ্টা করে। তারাও কয়েকটি সুযোগ পায়। যদিও তা কাজে লাগাতে পারেনি মহমেডান। বিকেল ৫টা থেকে খেলা শুরু হয়। অফিস টাইমের পর খেলা শুরু হওয়ায় এদিন দর্শক উপস্থিতি ছিল আগের তিনটি দিনের তুলনা বেশি। ম্যাচটি তারা বেশ উপভোগ করেন। শনিবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ইয়ং ইউনাইটেড কোচিং সেন্টার ও রেলওয়ে এফসি। বিকেল ৫টায় খেলা শুরু হবে।