
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- স্বামী বিবেকানন্দের জন্মদিনকে সামনে রেখে বর্ধমানের শিশির সাথী ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার অনুষ্ঠিত হল ‘রান ফর ইয়ুথ’ শীর্ষক মিনি ম্যারাথন। বর্ধমানের গোলাপবাগ মোড় থেকে পুলিশ লাইন প্রায় ৭ কিমি এই মিনি ম্যারাথনে অংশ নিলেন এক হাজারেরও বেশি যুবক-যুবতী। ম্যারাথনের সুচনা করেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। ম্যারাথনে যুবকদের মধ্যে ১৬.৩২ মিনিট সময়ে পথ শেষ করে প্রথম স্থান অধিকার করেন সাউথ ২৪ পরগণার ক্যানিং-এর বাসিন্দা দীপ পন্ডিত। দ্বিতীয় হয়েছেন পবন সিং (১৬.৪৭ মিনিট) এবং তৃতীয় হয়েছেন দীপ সিংহ (১৬.৫২ মিনিট)। অন্যদিকে যুবতীদের মধ্যে প্রথম হয়েছেন পুজা সিংহ (২০.১২ মিনিট), দ্বিতীয় হয়েছেন রিংকি খাতুন (২৫.২১ মিনিট) এবং তৃতীয় হয়েছেন দিয়া তেওয়ারী (২৭.০৭ মিনিট)।
এদিন মোট ২৫ জনকে পুরস্কৃত করা হয়। শিশির সাথী ফাউন্ডেশনের সম্পাদক তথা নীলপুর যুব উৎসবের কর্ণধার রাসবিহারী হালদার জানান, বর্ধমান শহরে এই বড় মাপের ম্যারাথন আগে কখনও হয়নি। তিনি জানিয়েছেন, যুবক-যুবতীদের মাঠে আনার জন্য তাদের উজ্জীবিত করতেই এই ম্যারাথনের আয়োজন করা হয়েছে। এবারের এই সাফল্যকে মাথায় রেখে আগামী বছরে তাঁরা আরও বড় করে এই ম্যারাথন করবেন।