E Purba Bardhaman

ভদ্রেশ্বর গোল্ড কাপের দ্বিতীয় ম্যাচে কালীঘাট মিলন সংঘকে ৪-১ গোলে হারাল রেলওয়ে এফসি

The AIFF affiliated Football Tournament 'Bhadreswar Gold Cup' started at Burdwan's Spandan Stadium from January 5. Railway FC defeated Kalighat Milan Sangha FC 4-1 in the second day's match on Tuesday. The main organizer of this tournament is Real Bull Coaching Centre. This tournament will continue till January 12. Mohun Bagan Super Giant, Churchill Brothers FC Goa, Football Association of Odisha, CAG (Comptroller and Auditor General of India), Railway FC, Kalighat Milan Sangh FC, Mohammedan Sporting Club and Rajnandini Sporting Club are participating in the tournament.

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ভদ্রেশ্বর গোল্ড কাপের দ্বিতীয় ম্যাচে জিতল রেলওয়ে এফসি। মঙ্গলবার বর্ধমান শহরের স্পন্দন স্টেডিয়ামে তারা ৪-১ গোলে কালীঘাট মিলন সংঘ এফসিকে হারিয়ে দেয়। তবে, স্কোরশিট দেখে খেলার প্রকৃত মূল্যায়ণ করা ভুল হবে। কালীঘাট মিলন সংঘ দ্বিতীয়াের্ধর মাঝামাঝি সময় পর্যন্ত প্রতিপক্ষে সঙ্গে সমানে পাল্লা দিয়েছে। তৃতীয় গোল খাওয়ার পর তাদের যাবতীয় উদ্যম শেষ হয়ে যায়। পরে আরও একটি গোল চাপিয়ে দেয় রেলওয়ে এফসি। ভাগ্যদেবী সহায় হলে ম্যাচের ফল অন্যরকম হতে পারত। তিনটি ক্ষেত্রে কালীঘাট মিলন সংঘের শট পোস্টে লেগে প্রতিহত হয়। এছাড়াও তারা বেশ কয়েকটি গোল করার সুবর্ণ সুযোগ নষ্ট করে। অন্যদিকে, প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার করে ম্যাচ জিতে নেয় রেলওয়ে এফসি। প্রথমাের্ধ সমানে সমানে খেলা হয়। ৩৬ মিনিটে আইনুর সাহাজি গোল করে কালীঘাট মিলন সংঘকে এগিয়ে দেন। তবে, লিড দীর্ঘস্থায়ী হয়নি। মিনিট ছয়ের মধ্যে রাহুল মালাকার গোল করে ম্যাচে সমতা ফেরান। সংযোজিত সময়ে শেখ গুলাব গোল করে রেলওয়ে এফসিকে এগিয়ে দেন।
দ্বিতীয়াের্ধর শুরু থেকেই গোল শোধের জন্য আক্রমণে ঝাঁঝ বাড়ায় কালীঘাট মিলন সংঘ। কিন্তু, দ্বিতীয়াের্ধর শুরুতে ৫৩ মিনিটের মাথায় গুলাব আরও একটি গোল করে ব্যবধান বাড়ান। গোল শোধের জন্য অলআউট আক্রমণে যায় কালীঘাট মিলন সংঘ। বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করে তারা। এই অর্ধে তাদের দু’টি শট পোস্টে প্রতিহত হয়। তাছাড়া লিড ধরে রাখতে চেনা ফর্মুলায় পেনিট্রেটিং জোনে লোক বাড়ায় রেলওয়ে এফসি। এই সময় খেলা দুই উইংয়ে ছড়িয়ে দিতে পারেনি কালীঘাট মিলন সংঘ। ফলে, বক্সের কাছে পায়ের জঙ্গলে আটকে যায় তাদের আক্রমণ। তবে, শেষদিকে কালীঘাট মিলন সংঘের খেলোয়াড়রা হতোদ্যম হয়ে পড়েন। তাকে কাজে লাগিয়ে ৭১ মিনিটের মাথায় মনীশ মজুমদার আরও একটি গোল করে দলের জয় নিশ্চিত করেন। প্রথম ম্যাচের তুলনায় এদিনের খেলা গতিময় ছিল। ম্যাচটি উপভোগ্য হয়েছে। খেলা দেখে মাঠে হাজির সামান্য সংখ্যক দর্শক আনন্দ পেয়েছেন। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন শেখ গুলাব। এদিন খেলা দেখতে মাঠে হাজির ছিলেন আইএফএ-র সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়। তিনি এ ধরণের প্রতিযোগিতা আয়োজনের জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান। পাশাপাশি ছেলে-মেয়েদের মাঠমুখী করার জন্য অভিভাবকদের কাছে আবেদন জানান তিনি।

Exit mobile version