
গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- মাঠ সমস্যায় বেঙ্গল সুপার লিগে বর্ধমান ব্লাস্টাের্সর হোম ম্যাচ নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। অন্তত প্রথম দিকের তিনটি খেলা ঘরের মাঠে আয়োজন করা সম্ভব হচ্ছে না। সেকারণে বীরভূম জেলার বোলপুর স্টেডিয়ামে তিনটি ম্যাচ আয়োজন করা হবে বলে জানা গিয়েছে। রবিবার মালদহে বেঙ্গল সুপার লিগের (Bengal Super League) উদ্বোধন হয়েছে। জেলার ফুটবলকে তুলে ধরতে প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে বলে উদ্যোক্তাদের দাবি। সোমবার (১৫.১২.২০২৫) বর্ধমান শহরের স্পন্দন স্টেডিয়ামে বর্ধমান ব্লাস্টাের্সর সঙ্গে সুন্দরবন বেঙ্গল অটো এফসি–র ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু, স্পন্দনের মাঠ এখনও খেলার যোগ্য হয়ে ওঠেনি। মাঠ তৈরির কাজ চলছে পুরোদমে। কিছুদিন পরই স্পন্দন স্টেডিয়ামে দ্বিতীয় ভদ্রেশ্বর গোল্ড কাপের খেলা হবে। তার জন্য মাঠের পরিচর্যা চলছে।
উদ্যোক্তাদের পক্ষ থেকে জানান হয়েছে, ১৪ ডিসেম্বর থেকে এই খেলা শুরু হয়েছে, চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। লিগ পর্যায়ের ৫৬ টা ম্যাচ চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। লিগ পর্যায়ে খেলা টপ ৪ টি দলকে কেন্দ্র করেই পরবর্তী পর্যায়ে সেমিফাইনাল ও ফাইনাল খেলা হবে। এই বেঙ্গল সুপার লিগে খেলছে বর্ধমান ব্লাস্টার্স, সুন্দরবন বেঙ্গল অটো এফসি, নর্থ ২৪ পরগণা এফসি, হাওড়া হুগলি ওয়ারিয়র্স, এফসি মেদিনীপুর, কোপা টাইগার্স বীরভূম, জে এইচ আর রয়েল সিটি এফসি মালদহ-মুর্শিদাবাদ এবং নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি। বর্ধমান ব্লাস্টার্স দলের খেলাগুলি আছে, ১৫ ডিসেম্বর, ১৮ ডিসেম্বর, ২০ ডিসেম্বর, ২২ ডিসেম্বর, ২৬ ডিসেম্বর, ৩১ ডিসেম্বর, ২ জানুয়ারি, ৫ জানুয়ারি, ৮ জানুয়ারি, ১২ জানুয়ারি, ১৫ জানুয়ারী, ১৭ জানুয়ারি, ২০ জানুয়ারী, ২৩ জানুয়ারী।
বর্ধমান ব্লাস্টার্স সূত্রে জানা গেছে, বেঙ্গল সুপার লিগ-এ (Bengal Super League) বর্ধমান ব্লাস্টার্স দলের হোম ম্যাচগুলো পূর্ব বর্ধমান জেলার স্পন্দন স্টেডিয়ামে করার উদ্যোগ নেওয়া হয়েছিল। স্পন্দন স্টেডিয়ামে ৭ টা ম্যাচ হবে সেই অনুযায়ী প্রচারও হয়েছিল। বর্ধমান ব্লাস্টার্স (Burdwan Blasters) দলের প্রথম খেলা সুন্দরবন বেঙ্গল অটো এফসি-র সাথে স্পন্দন স্টেডিয়ামে ১৫ ডিসেম্বর দুপুর ১ টায় হওয়ার কথা ছিল। কিন্তু, বর্ধমানের স্পন্দন স্টেডিয়ামের পরিকাঠামো ঠিক নেই। তাই এখানে ৭ টা হোম ম্যাচের মধ্যে প্রথম ৩ টে তো হবেই না। পরেরগুলো হওয়ার মত পরিস্থিতি আছে বলেও তাঁরা মনে করছেন না। এখানকার খেলাগুলো হবে বীরভূম জেলার বোলপুরে। স্পন্দন স্টেডিয়ামের পরিবর্তে পশ্চিম বর্ধমান জেলার বার্নপুরের সেইল (SAIL) স্টেডিয়ামে খেলা করার উদ্যোগ নেওয়া হয়েছিল। সেখানে গিয়েও দেখা গেছে মাঠ রেডি নেই। দুই বর্ধমানের যে মাঠ আছে তাতে অন্য রাজ্য বা বিদেশের খেলোয়াড়রা খেলবেন না। আইএফএ মাঠ দেখে অনুমতি দিচ্ছে না। এই সিদ্ধান্তে তাঁদের খুবই মন খারাপ। তাঁদের জেলার মানুষজন জেলার স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারছেন না এটা তাঁদের খুবই খারাপ লাগছে। স্পন্দন রেডি করে দেবে বলেছিল, কিন্তু শেষ মুহূর্তে হলো না।
উল্লেখ্য, ডিএসএ মালদা স্টেডিয়ামে জে এইচ আর রয়েল সিটি এফসি এবং নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি-র মধ্যে আয়োজিত হয় প্রথম দিনের খেলা। প্রথম ম্যাচে ৩-১ গোলে জয়লাভ করে জে এইচ আর রয়েল সিটি এফসি। বেঙ্গল সুপার লিগ-এর খেলাগুলি সরাসরি সম্প্রচারিত (Live Telecast) হচ্ছে জি বাংলা সোনার (ZEE Bangla Sonar) চ্যানেলে।
* বর্ধমান ব্লাস্টার্স দলের ম্যাচের সময়সূচী (Bengal Super League Fixtures) –
> বর্ধমান ব্লাস্টার্স – সুন্দরবন বেঙ্গল অটো এফসি – বোলপুর স্টেডিয়াম, বীরভূম – তারিখ – ১৫ ডিসেম্বর – সময় ১ টা
> বর্ধমান ব্লাস্টার্স-এফসি মেদিনীপুর – বোলপুর স্টেডিয়াম, বীরভূম – ১৮ ডিসেম্বর – ১ টা
> বর্ধমান ব্লাস্টার্স-নর্থবেঙ্গল ইউনাইটেড এফ সি – বোলপুর স্টেডিয়াম, বীরভূম – ২০ ডিসেম্বর – ১ টা
> বর্ধমান ব্লাস্টার্স- জে এইচ আর রয়েল সিটি এফসি মালদহ-মুর্শিদাবাদ – ডি এস এ মালদা – তারিখ – ২২ ডিসেম্বর – সময় ১ টা
> বর্ধমান ব্লাস্টার্স-জে এইচ আর রয়েল সিটি এফসি মালদহ-মুর্শিদাবাদ – …… – ২৬ ডিসেম্বর – ৪ টে
> বর্ধমান ব্লাস্টার্স-হাওড়া হুগলী ওয়ারিয়ার্স – …… – ৩১ ডিসেম্বর – ৪ টে
> বর্ধমান ব্লাস্টার্স- কোপা টাইগার বীরভূম – কল্যাণী – ২ জানুয়ারী – ৪ টে
> বর্ধমান ব্লাস্টার্স-নর্থবেঙ্গল ইউনাইটেড এফসি – কাঞ্চনজঙ্ঘা – ৫ জানুয়ারী – ৪ টে
> বর্ধমান ব্লাস্টার্স-সুন্দরবন বেঙ্গল অটো এফসি – ক্যানিং – ৮ জানুয়ারী – ৪ টে
> বর্ধমান ব্লাস্টার্স-নর্থ ২৪ পরগণা এফসি – …… – ১২ জানুয়ারি – ৪ টে
> বর্ধমান ব্লাস্টার্স-এফসি মেদিনীপুর – অরবিন্দ – ১৫ জানুয়ারী – ১ টা
> বর্ধমান ব্লাস্টার্স-কোপা টাইগার বীরভূম – …… – ১৭ জানুয়ারি – ৪ টে
> বর্ধমান ব্লাস্টার্স-হাওড়া হুগলী ওয়ারিয়ার্স – শৈলেন মান্না – ২০ জানুয়ারী – ৪ টে
> বর্ধমান ব্লাস্টার্স-নর্থ ২৪ পরগণা এফসি – নৈহাটী – ২৩ জানুয়ারী – ১ টা