
গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- সঠিক লক্ষ্য এবং পরিকল্পনা নিয়ে এগলে ভারতের মহিলা ফুটবল দল ফের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে বলে আশা প্রকাশ করলেন প্রাক্তন তারকা ফুটবলার ও প্রশিক্ষক কুন্তলা ঘোষদস্তিদার। তাঁর সঙ্গে একমত অর্জুন পুরস্কারপ্রাপ্ত মহিলা ফুটবলার শান্তি মল্লিক। রবিবার বর্ধমান শহরের কার্জন গেট চত্বরে ভদ্রেশ্বর গোল্ডকাপ ফুটবলের লোগো, থিম সং ও ম্যাসকটের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন তাঁরা। তাঁদের সঙ্গেই অনুষ্ঠানে হাজির ছিলেন আর এক নামী মহিলা ফুটবলার ও কোচ সুজাতা কর।
অনুষ্ঠানের আগে বড়নীলপুর মোড় থেকে কার্জন গেট পর্যন্ত র্যালির আয়োজন করা হয়। তাতে তিন মহিলা ফুটবলার ছাড়াও বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমান পুরসভার কাউন্সিলার রাসবিহারী হালদার সহ জেলার বর্তমান ও প্রাক্তন ফুটবলাররা এবং পড়ুয়া ও বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা অংশ নেন। র্যালির শেষে আয়োজিত অনুষ্ঠানে টুর্নামেন্টের লোগো, ম্যাসকট ও থিম সং–এর উদ্বোধন হয়।
সেখানে বক্তব্য রেখে কুন্তলা বলেন, মহিলা ফুটবলের এবার ৫০ বছর পূির্ত হচ্ছে। এমন একটা বছরে এধরনের অনুষ্ঠানে তিন মহিলা ফুটবলারকে আমন্ত্রণ জানিয়ে আয়োজকরা কার্যত নারী শক্তিকে সম্মানিত করলেন। আমাদের দেশ একটা সময় মহিলাদের বিশ্বকাপ ফুটবলে অংশ নিয়েছে। কিন্তু, মাঝে কয়েকবছর আমাদের মেয়েদের পারফরমেন্স আশানুরূপ ছিল না। যে কোনও কারণেই হোক আমরা ভালো ফল করতে পারিনি। তবে, এবার মেয়েরা ভালো খেলছে। এশিয়া কাপে অনূর্ধ্ব–১৫, ১৭ ও সিনিয়র দল কোয়ালিফাই করেছে। সঠিক পরিকল্পনা ও লক্ষ্য নিয়ে এগতে পারলে আমরা আবার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারব। পাশাপাশি তিনি আয়োজকদের কাছে মহিলা ফুটবলের অগ্রগতিতে ভূমিকা নেওয়ার জন্য আবেদন জানান। বর্ধমানে মহিলা ফুটবল প্রতিযোগিতা আয়োজন করার জন্য বলেন তিনি।
শান্তি বলেন, এখানে আসতে পেরে সত্যিই খুব ভালো লাগছে। খেলাধুলো করলে শরীর এবং মন ভালো থাকে। ছেলে–মেয়েরা যাতে মাঠমুখী হয় তা অভিভাবকদের দেখতে হবে। তিন মহিলা ফুটবলারকে সম্মানিত করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান তিনি। স্বল্প ভাষণে প্রায়ই একই বক্তব্য রাখেন সুজাতা।
অনুষ্ঠানে এঁরা ছাড়াও বর্ধমান উন্নয়ন সংস্থার ভাইস চেয়ারপার্সন কাকলি তা গুপ্ত, ভদ্রেশ্বর গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সনৎ নন্দী ও বিভিন্ন ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানিয়েছেন, এবার দ্বিতীয় বছরে পা দিল এই প্রতিযোগিতা। ৫ জানুয়ারী থেকে ১২ জানুয়ারী, ২০২৬ পর্যন্ত বর্ধমান শহরের স্পন্দন স্টেডিয়ামে রিয়েল বুল কোচিং সেন্টারের উদ্যোগে আয়োজিত এই খেলায় মোট ৮টি দল অংশ নিচ্ছে। মোহনবাগান, মহামেডান, নর্থ ইষ্ট ইউনাইটেড, চার্চিল ব্রাদার্স, কালিঘাট এমএস, রাজনন্দিনী স্পোর্টিং ক্লাব ছাড়াও ভিন রাজ্যের আরও দুটি দল এই টুর্নামেণ্টে খেলবে। 
E Purba Bardhaman Purba Bardhaman District News