
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বিধানসভা ভোটের আগেই বিহারের রাজেন্দ্রনগর থেকে ৫৫টি মোটরবাইক এল বর্ধমানে। সমস্ত গাড়ির নম্বর বিহার রাজ্যের। বিজেপির বর্ধমান বিভাগের কনভেনর তথা জেলা কমিটির নেতা সুনীল গুপ্তার নামে বর্ধমানের বিজেপি পার্টি অফিসের ঠিকানায় রেলপথে পার্সেল করে এই ৫৫টি প্রায় নতুন মোটর বাইক পাঠানোকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। এই ঘটনার খবর পেয়েই শনিবার দুপুর থেকে তৃণমূল কংগ্রেসের বর্ধমান শহর কমিটির সভাপতি তন্ময় সিংহ রায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সমর্থকরা বর্ধমান ষ্টেশনের পার্সেল অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসেন পড়েন। যদিও তার আগেই প্রায় ৩৭টি মোটরবাইককে নির্দিষ্ট জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। যার তত্ত্বাবধানে ছিলেন বিজেপি নেতা বিশ্বজিত ওরফে খোকন সেন। এদিন দুপুরে তৃণমূল এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভে নামার পরই চাঞ্চল্য ছড়ায়। তন্ময় সিংহ রায় জানিয়েছেন, বিহারের ভোট শেষ হতেই সেখান থেকে এই মোটরবাইকগুলিকে এখানে পাঠানো হয়েছে শুক্রবার রাতে। রাতের মধ্যেই বেশ কিছু বাইককে পাঠিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়। এদিন দুপুরে তাঁরা খবর পেতেই পার্সেল অফিসে আসেন। তন্ময়বাবু জানিয়েছেন, সামনেই বিধানসভা ভোট, তার আগে এলাকায় অশান্তি সৃষ্টির জন্যই বিজেপি পরিকল্পিতভাবে এই বাইকগুলিকে পাঠিয়ে দিয়েছে। এরপর গুণ্ডা পাঠাবে। তাঁরা ইতিমধ্যেই জেলা পুলিশ ও প্রশাসনের কাছে এব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছেন। গাড়িগুলির প্রকৃত কাগজপত্র আছে কিনা তা খতিয়ে দেখার আবেদন জানানো হয়েছে।