মন্তেশ্বর, ৬ ফেব্রুয়ারিঃ- মন্তেশ্বর থানার বালিয়ারপুরে এক ব্যক্তিকে পিটিয়ে মারা হল। পুলিশ জানিয়েছে, মৃতের নাম গোপাল মুর্ম্মু ওরফে সরেন (৪৫)। কালনার বুলবুলি তলার সোনাডাঙায় মৃতের বাড়ি ঘটনার পরই এলাকা ছেড়ে পালিয়েছে অভিযুক্ত। তাই তাকে ধরতে পারেনি পুলিশ। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে মন্তেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে গোপাল ও তার প্রতিবেশি বালিয়াপুরে খোস মহম্মদের বাড়িতে দিন মজুরের কাজ করতে আসে। মদ্যপ অবস্থায় দু’জনের মধ্যে হামেশাই ঝগড়া হত। মঙ্গলবার রাত ৯ টা নাগাদ মদ খাওয়ার পর দু’জনের মধ্যে বচসা বাধে। পরে তা চরম আকার নেয়। বিবাদ চলাকালীন প্রতিবেশি বাঁশ দিয়ে গোপালের মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই তিনি মারা যান। এর পরই অভিযুক্ত এলাকা ছেড়ে পালায়। বর্ধমানের পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মীর্জা বলেন, দুই দিনমজুরের মধ্যে বিবাদ চলাকালীন একজন অপরজনের মাথায় বাঁশ দিয়ে আঘাত করে। তাতেই জখমের মৃত্যু হয়। অভিযুক্ত পালিয়েছে। তাকে ধরার চেষ্টা চলছে। মন্তেশ্বর থানার ওসি বখতিয়ার হোসেন বলেন, অভিযুক্তের নাম এখনও জানা যায়নি।
E Purba Bardhaman Purba Bardhaman District News