Breaking News

কুমড়ো, ঢ্যাঁড়স, পুনকো শাক, নটে শাক, উচ্ছের বীজ দিয়ে তৈরি অভিনব রাখী

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- অভিনব রাখী। চিরাচরিত রাখীর মাঝেই সোমবার রাখী বন্ধন উৎসবে পৃথক পৃথকভাবে পরিবেশ বান্ধব রাখী পড়ানো হল যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর এবং বর্ধমান সদর প্যায়ারা নিউট্রেশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে। এদিন ধান-পাট-কাঠের পুঁতি দিয়ে নকশা করা কৃষিজ ফসলে তৈরি পরিবেশ বান্ধব রাখী পড়ানো হল বর্ধমানে পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত রাখি বন্ধন উৎসবে। সোমবার পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে ও বর্ধমান-২ ব্লক এবং পঞ্চায়েত সমিতির সহযোগিতায় আলিশা বাসস্ট্যান্ডে আয়োজন করা হলো রাখী বন্ধন উপলক্ষ্যে সংস্কৃতি দিবস। অনুষ্ঠান শুরু করা হয় রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের ছবিতে মাল্যদানের মধ্য দিয়ে। এদিন পথ চলতি মানুষ থেকে শুরু করে বিভিন্ন বাস চালক ও টোটো চালকদের এবং ট্র্যাফিক কন্ট্রোলের দায়িত্বে যারা রয়েছেন তাঁদেরকেও রাখী পরিয়ে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বর্ধমান-২ বিডিও দিব্যজ্যোতি দাস, বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক, পঞ্চায়েত সমিতির সভাপতি রাখী কোঙার, সহ-সভাপতি দেবদ্বীপ রায়, বর্ধমান-২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পরমেশ্বর কোনার প্রমুখরা। অন্যদিকে, এদিন বর্ধমান সদর প্যায়ারা নিউট্রেশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে পুষ্টি বিজ্ঞানের ছাত্রছাত্রীদের হাতে তৈরি বিভিন্ন শাকসবজির বীজ দিয়ে তৈরি রাখী পড়ানো হল পথ চলতি মানুষের হাতে। কুমড়ো, ঢ্যাঁড়স, পুনকো শাক, নটে শাক, উচ্ছে প্রভৃতি ফসলের বীজ দিয়ে তৈরি করা হয়েছে এই রাখী। সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার জানিয়েছেন, তাঁরা এই রাখী বন্ধনের মধ্যে দিয়ে সামাজিক বন্ধন তৈরি করতে চাইছেন। এই রাখীর বীজ যেখানে পড়বে সেখানেই তৈরি হবে বিভিন্ন শাকসবজির গাছ। যা সাধারণ মানুষের উপকারে লাগবে। চলতি সময়ে অগ্নিমূল্য বাজারে কিছুটা হলেও সাশ্রয় হবে এই ফসল। তিনি জানিয়েছেন, এই রাখী বন্ধন উৎসবের মধ্যে দিয়ে তাঁরা আবেদন জানিয়েছেন, বন্ধ হোক খুন, বন্ধ হোক ধর্ষণ, মানুষে মানুষে রচিত হোক মানবতার বন্ধন। উল্লেখ্য, এদিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিটি এলাকায় এলাকায় পালিত হয় রাখী বন্ধন উৎসব। কার্জন গেটে রাখী বন্ধন উৎসবের আয়োজন করেন বিধায়ক খোকন দাস। অন্যদিকে, রাখী বন্ধন উৎসবে পিছিয়ে রইল না সাংবাদিকরাও। জেলা ডিজিটাল মিডিয়ার উদ্যোগে কোর্ট কম্পাউণ্ডে, বর্ধমান ডিসট্রিক্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে বীরহাটা এলাকায়, কার্জন গেটে বেঙ্গল প্রেস ক্লাবের পক্ষ থেকেও পথ চলতি মানুষের হাতে রাখী পরানো হয়। অন্যদিকে, এসএফআই, ডিওয়াইএফআই এবং গণতান্ত্রিক মহিলা সমিতির বর্ধমান শহর ১ ও ২ আঞ্চলিক কমিটির উদ্যোগে “নিরাপত্তার রাখী তিলোত্তমার রাখী” শিরোনামে রানীগঞ্জ মোড় এলাকায় ‘শোকের রাখী’ উৎসব পালন করা হয়।

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *