
জামালপুর (পূর্ব বর্ধমান) :- ঘাসফুল শিবির দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে, শত অপরাধ করলেও বিজেপিতে গেলে সে ‘ধোয়া তুলসীপাতা’ হয়ে যায়। এবার তৃণমূল শিবিরের সেই অভিযোগকেই মান্যতা দিলেন বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকার। গত শুক্রবার জামালপুরের হালারা এলাকায় প্রচারে গিয়ে বিজেপি প্রার্থী অসীম সরকারের এব্যাপারে মন্তব্যের ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গেছে। এই ঘটনায় রীতিমতো বিড়ম্বনায় পড়েছে গেরুয়া শিবির। যথারীতি অসীম সরকারের এই মন্তব্যকেই জোড়ালোভাবে হাজির করতে কসুর করছে না তৃণমূল। উল্লেখ্য, শুভেন্দু অধিকারী সহ একাধিক নেতার বিরুদ্ধে নারদা,সারদার অভিযোগ থাকলেও তা নিয়ে উচ্চবাচ্য করছে না বিজেপি।
শুক্রবার সেই প্রসঙ্গে অসীম সরকার জানিয়েছেন, যে যত অপরাধ করুক কৃষ্ণ স্মরণে গেলেই যেমন তাঁর অপরাধ ক্ষমা হয়ে যায়, তেমনি যিনি মোদির সঙ্গ পেয়েছেন তাঁরও অপরাধ থাকে না। আর অসীম সরকারের এই বক্তব্যই এখন নির্বাচনী লড়াইয়ে ভাইরাল হয়ে উঠেছে। এ ব্যাপারে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস জানিয়েছেন, তাঁরা তো এই কথাই বলে আসছেন অনেকদিন ধরে। এবার খোদ বিজেপির বিধায়ক তথা লোকসভার প্রার্থীই তা প্রকাশ্যে স্বীকার করে নিয়েছেন।
E Purba Bardhaman Purba Bardhaman District News