
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আগামী ২০ ডিসেম্বর থেকে বর্ধমানের শাঁখারীপুকুর উৎসব ময়দানে শুরু হচ্ছে এবছরের বর্ধমান পৌর উৎসব। বুধবার সাংবাদিক বৈঠকে বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশ সরকার জানিয়েছেন, এবারে উৎসবের উদ্বোধন করবেন সাংসদ সৌগত রায়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত-সহ বিশিষ্ট জনেরা। এবছর উৎসবের বাজেট প্রায় ৬৫ লক্ষ টাকা। উৎসবে থাকছে ১৬৫ টি স্টল। এবছরে উৎসবের থিম “প্রাণের গান, দেশের মান, … বন্দেমাতরম”। পরেশবাবু জানিয়েছেন, বন্দেমাতরম সংগীতের ১৫০বছর পূর্তিকে সামনে রেখে এবারে তাঁরা থিম রচনা করেছেন। তিনি জানিয়েছেন, প্রতিবছর রাজবাটি থেকে উৎসব ময়দান পর্যন্ত একটি শোভাযাত্রা করা হয়। এবারে রাস্তা খারাপ থাকার জন্য রুট পরিবর্তন করে করা হয়েছে পুরসভা থেকে উৎসব ময়দান। উৎসব উপলক্ষ্যে ১৯ ডিসেম্বর উল্লাস বাসস্ট্যাণ্ড থেকে পুরসভা পর্যন্ত একটি সুসজ্জিত সাইকেল মিছিল করা হবে। তিনি জানিয়েছেন, প্রতিবছরের মত এবছরও বিভিন্ন দিনে স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি অতিথি শিল্পীরা অংশ নেবেন। বর্ধমানের স্থানীয় শিল্পীদের মধ্যে ১৫০ জন করে প্রতিদিন অংশ নেবেন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে। প্রসঙ্গত, পরেশবাবু এদিন জানিয়েছেন, বিগত দিনের পৌর উৎসব থেকে আয় হওয়া প্রায় ৭০ লক্ষ টাকা রয়েছে ফাণ্ডে। সেই টাকা উৎসব কমিটি পুরসভাকে দিয়েছে বর্তমান পুরসভার পান্থশালার জায়গায় আরও একটি লজ তৈরীর জন্য। খুব শীঘ্রই সেই কাজ শুরু হবে।
E Purba Bardhaman Purba Bardhaman District News