
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিসগড়ের বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়ের দাপটে বেসামাল বিরোধীরা। এদিকে জয়ের আভাস মিলতেই সাংসদ সৌমিত্র খাঁ-এর নেতৃত্বে বর্ধমানে আবির খেলায় মাতলেন বিজেপি কর্মী সমর্থকরা। এই বিজয়োল্লাস থেকেই সাংসদ সৌমিত্র খাঁ জানান, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগ দেবেন। এই যোগদান শুধু সময়ের অপেক্ষা। রবিবার বর্ধমানের রেলওয়ে লোকো কমিউনিটি হলে বিজেপির দলীয় সভায় যোগ দিতে আসেন সাংসদ সৌমিত্র খাঁ। সভা চলাকালীনই একের পর এক জয়ের খবর আসতেই দলীয় কর্মীদের নিয়ে আবির খেলায় মাতেন সাংসদ। গেরুয়া আবিরের সঙ্গে সমানতালে চলে লাড্ডু বিতরণ এবং বাজি ফাটানো। অন্যান্যদের মধ্যে এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলা সভাপতি অভিজিৎ তা, সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্র, ভারতীয় জনতা যুব মোর্চার সাধারণ সম্পাদক সুধীররঞ্জন সাউ প্রমুখরা। উল্লেখ্য, নদীয়ায় বিজেপি নেতার ওপর হামলার প্রতিবাদে এদিন বর্ধমানের বীরহাটা এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। 

E Purba Bardhaman Purba Bardhaman District News