
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- রেললাইনের পাশ থেকে বিজেপি নেতার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের বৈকন্ঠপুর-১ পঞ্চায়েতের হীরাগাছির এলাকায়। মৃত ব্যক্তির নাম সুভাষ কুমার দত্ত ওরফে বেলি (৪৪)। বাড়ি হীরাগাছি ঘোষপাড়া এলাকায়। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১২ টা নাগাদ ব্যক্তিগত কাজে বাড়ি থেকে বেড়িয়েছিলেন সুভাষ। রাত ১ টা নাগাদ পরিবার জানতে পারে হীরাগাছি ৪৭ সি রেলগেটের কাছে তাঁর মৃতদেহ পাওয়া যায়। পরিবারের অনুমান, ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে সুভাষের। সুভাষ বর্ধমান বিজেপির জেলা কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। জিআরপি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দুর্ঘটনার কবলে পরেই মৃত্যু হয়েছে সুভাষ দত্তের বলে জোরালো দাবি করেছেন তাঁর দাদা সমীর কুমার দত্ত। রেলপুলিশেরও প্রাথমিক অনুমান তিনি হয় দুর্ঘটনার কবলে পড়েছেন না হয় আত্মহত্যা করেছেন। ঘাতক ট্রেনের চালকের রিপোর্টও একই রকম বলেই রেল সূত্রে খবর। তদন্ত জারি রেলপুলিশের। এদিকে, সুভাষ দত্তের এই অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তদন্ত দাবি করবেন বলে জানিয়েছেন। সুভাষ দত্তের এই মৃত্যুর পিছনে শাসকদলের কোনো হাত আছে কিনা সেই সন্দেহ তুলেছেন দিলীপবাবু।
E Purba Bardhaman Purba Bardhaman District News