
গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ভদ্রেশ্বর গোল্ড কাপের তৃতীয় খেলায় জিতল ফুটবল অ্যাসোসিয়েশন অফ ওড়িশা। বুধবার বর্ধমান শহরের স্পন্দন স্টেডিয়ামে তারা পেনালটি শ্যুটআউটে ৫-৩ গোলে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া (ক্যাগ)-কে হারিয়ে দেয়। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হয়। ম্যাচে ওড়িশা দলটির প্রাধান্য ছিল। তাদের পাশিং এবং গতিময় ফুটবল দর্শকদের নজর কেড়েছে। তবে, ক্যাগও (CAG) খারাপ খেলেনি। তাদের আক্রমণে পরিকল্পনার অভাব লক্ষ্য করা যায়। ম্যাচের ১৫ মিনিটে গোল করে এগিয়ে যায় ফুটবল অ্যাসোসিয়েশন অব ওড়িশা। অরবিন্দ লাকরা গোল করে দলকে এগিয়ে দেন। তারপরও তারা গোল করার কয়েকটি সুযোগ পায়। কিন্তু, গোলমুখে স্ট্রাইকারদের ব্যর্থতার কারণে তারা ব্যবধান বাড়াতে পারেনি।
দ্বিতীয়াের্ধ জবি জাস্টিনের নেতৃত্বে আক্রমণে ঝাঁঝ বাড়ায় ক্যাগ। তবে, ওড়িশার রক্ষণভাগ সেই সময় দৃঢ়তা দেখায়। ম্যাচের সংযোজিত সময়ের একেবারে শেষদিকে পেনালটি থেকে সমতা ফেরায় ক্যাগ। পেনালটি বক্সে তাদের এক খেলোয়াড়কে ট্রিপ করে ফেলে দেওয়া হয়। স্পটকিক থেকে গোল করতে ভুল করেননি জবি। খেলা ১-১ অবস্থায় শেষ হওয়ার পর পেনালটি শ্যুট আউটের ৫টিতেই গোল করে ওড়িশা। সমতার গোলটি করলেও পেনালটি শ্যুটআউটে একইদিকে বল মেরে দলকে ডোবালেন জবি। তাঁর নেওয়া পেনালটি শট বাঁচিয়ে দেন ওড়িশার গোলরক্ষক। ৫টির সব ক’টিতেই ওড়িশা গোল করায় ক্যাগকে পঞ্চম শট নিতে হয়নি। ম্যাচের ফল দাঁড়ায় ৫-৩। এদিন ম্যাচের সেরা হয়েছেন ওড়িশার অরবিন্দ।
E Purba Bardhaman Purba Bardhaman District News