
মেমারি (পূর্ব বর্ধমান) :- নাবালিকাকে ফুসলিয়ে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে মেমারি থানার পুলিস। ধৃতের নাম আমিরউদ্দিন মীর। দক্ষিণ ২৪ পরগণার ঢোলারহাট থানার মাদারপাড়ায় তার বাড়ি। বুধবার দুপুরে শিয়ালদহ স্টেশন থেকে তাকে ধরে মেমারি থানার পুলিসের হাতে তুলে দেয় জিআরপি। ধৃতের কাছ থেকেই উদ্ধার হয় নাবালিকাও। বৃহস্পতিবার ধৃতকে বর্ধমানের পকসো আদালতে পেশ করা হয়। ধৃতকে বিচার বিভাগীয় হেপাজতে পাঠানোর নির্দেশ দেন পকসো আদালতের বিচারক পার্থপ্রতিম দত্ত। নাবালিকার গোপন জবানবন্দি নথিভূক্ত করানোর জন্য বর্ধমানের সিজেএমকে নির্দেশ দিয়েছেন পকসো আদালতের বিচারক। বর্ধমান মেডিক্যাল কলেজের ফরেন্সিক স্টেট মেডিসিন বিভাগে নাবালিকার মেডিকেল পরীক্ষা করিয়েছে পুলিস।
পুলিস জানিয়েছে, মেমারি থানার কেজা গ্রামের পূর্বপাড়ায় বছর পনেরোর ওই নাবালিকার বাড়ি মঙ্গলবার সকাল ৭টা নাগাদ পড়তে যাওয়ার কথা বলে সে বাড়ি থেকে বের হয়। বাড়ি না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজখবর করেন নাবালিকার পরিবারের লোকজন। এরই মধ্যে ফোন করে এক যুবকের সঙ্গে চলে যাওয়ার কথা বাড়িতে জানায় নাবালিকা। ফের তাকে ফোন করে পরিবারের লোকজন জানতে পারেন, শিয়ালদহ এলাকায় আমিরের এক আত্মীয়ের বাড়িতে রয়েছে সে। পরেরদিন দুপুরে শিয়ালদহ স্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় জিআরপি আমির ও নাবালিকাকে ধরে মেমারি থানায় খবর পাঠায়। খবর পেয়ে মেমারি থানার পুলিস তাদের সেখান থেকে নিয়ে আসে। পরে নাবালিকার মা মেমারি থানায় অভিযোগ দায়ের করেন।
E Purba Bardhaman Purba Bardhaman District News