
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বাইক চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে জামালপুর থানার পুলিস। ধৃতের নাম গণেশ রুইদাস ওরফে কমল। জামালপুর থানার বসন্তবাটি গ্রামে তার বাড়ি। শুক্রবার রাতে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার দেখানো জায়গা থেকে চুরির বাইকটি উদ্ধার হয়েছে বলে পুলিসের দাবি। ধৃতকে শনিবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ২ এপ্রিল ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।
পুলিস জানিয়েছে, জামালপুর থানার রেসলাতপুরের সোমনাথ মাণ্ডি বৃহস্পতিবার রাতে সুখপুর গ্রামে কালীপুজো দেখতে যান। সেখানে একটি অস্থায়ী গ্যারাজে বাইকটি রাখেন তিনি। ঘণ্টা দু’য়েক পর পুজো দেখে গ্যারাজে বাইকটি নিতে আসেন তিনি। সেখানে এসে তিনি দেখেন, তাঁর বাইকটি গ্যারাজ থেকে গায়েব হয়ে গিয়েছে। ঘটনার দিনই তিনি থানায় অভিযোগ দায়ের করেন।
E Purba Bardhaman Purba Bardhaman District News