
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ৪ বন্ধুর আড্ডায় বচসা থেকে মারামারির জেরে বন্ধুর হাতে বন্ধু খুনের চাঞ্চল্যকর অভিযোগ উঠল বর্ধমান থানার নলা এলাকায়। মৃত বন্ধুর নাম বামদেব রায় ওরফে বামা (২৯)। এই ঘটনায় মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করেছে ৩ বন্ধুকে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে নলা গ্রামের একটি পুকুর পারে আড্ডার সময় গ্রামেরই বাসিন্দা বামদেব রায়ের সঙ্গে তাঁর তিন বন্ধু রাজেশ রায়, প্রদীপ মাঝি ও রাহুল দলুইয়ের বচসা শুরু হয়। অভিযোগ, বচসা চলাকালীন রাজেশ রায় বামদেব রায়কে ব্যাপক মারধর করে ও ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান বামদেব রায়ের মামা অমর রায়। তিনি বামদেব রায়কে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসেন। অভিযোগ, সেই সময় রাজেশ রায় বামদেব রায়কে খুন করার হুমকি দেয়। এর কিছুক্ষণ পর মামা অমর রায়ের বাড়ি থেকে বামদেব নিজের বাড়ি যেতে চাইলে মামা অমর রায় তাঁেক কিছুটা এগিয়ে দিয়ে তিনি তাঁর বাড়ি ফিরে যান। এরপর সোমবার ভোর নাগাদ গ্রামেরই একটি ড্রেনের পাশে বামদেবের দেহ পরে থাকতে দেখেন স্থানীয়রা। স্থানীয়রাই পুলিশে খবর দেয়। পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজের পুলিশ মর্গে পাঠায়। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে রাজেশ রায়, প্রদীপ মাঝি ও রাহুল দলুইকে গ্রেপ্তার করে। ধৃতদের সোমবার বর্ধমান আদালতে পেশ করা হয়। কী কারণে এই ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ওই আড্ডার সময় মদ খাওয়া হয়। আর মদের নেশাতেই বচসা হয়।
E Purba Bardhaman Purba Bardhaman District News