
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- কেন্দ্রের বিজেপি সরকার আর বাংলার তৃণমূল সরকার আমাদের হাটে নামিয়ে দিয়েছে। সস্তার রাজনীতি করছে। সরকার মাথার ওপর থেকে ছাতা সরিয়ে নিয়েছে। ফলে মানুষকে উদ্বিগ্নতার শিকার হতে হচ্ছে। মানুষের হাতে সময় রয়েছে, কিন্তু কাজ নেই। তাই তাদের লুঠ করা হচ্ছে। আর এসবের বিরুদ্ধে লড়াই করতে সকলকে ঐক্যবদ্ধ হবার ডাক দিয়ে গেলেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটি ও রাজ্য কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জি। শুক্রবার সিটুর ১২ তম পূর্ব বর্ধমান জেলা সম্মেলনের উপলক্ষ্যে বর্ধমানের দেওয়ানদিঘীতে প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মীনাক্ষী।
তিনি এদিন বলেন, জাতির নামে, ধর্মের নামে ভাগাভাগি হচ্ছে। ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী এখন একজোট হওয়াটাই বেআইনী। তৃণমূল সরকার উন্নয়নের পাঁচালীতে মিছে কথা বলছে। কোনো পরিযায়ী শ্রমিককে ৫ হাজার টাকা করে দেওয়া হয়নি। অথচ বলছে দেওয়া হয়েছে। এর মধ্যে দিয়ে ৩১ লক্ষ পরিযায়ীর নামের টাকা বেরিয়ে গেল। মীনাক্ষী প্রশ্ন তোলেন কারা এই টাকা পেলেন? সারদা-নারদার চোররা পেল? তিনি বলেন, এই রাজ্যের মানুষ এখন বলছে এই রাজ্যে সবচেয়ে বড় পরিযায়ী হচ্ছে পার্থ, অনুব্রত, জ্যোতিপ্রিয়রা। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এদিন মীনাক্ষী বলেন, পেটে হাত ভরে এই টাকা বার করতে হবে। আরএসএসের প্রেসক্রিপশনে তৃণমূল চলছে। এদিন এই প্রকাশ্য সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিটুর রাজ্য সাধারণ সম্পাদক জিয়াউল আলম, সিটুর জেলা সম্পাদক তাপস চট্টোপাধ্যায়, জেলা সভাপতি নজরুল ইসলাম প্রমুখরা। সম্মেলন চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত।
E Purba Bardhaman Purba Bardhaman District News