
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- সরকারি দপ্তরে গাড়ি ব্যবহার নিয়ে দুর্নীতি ও অনিয়ম নিয়ে সরব হলো জয়েন্ট কাউন্সিল অফ লাক্সারি ট্যাক্সি অ্যাসোসিয়েশন। মঙ্গলবার এই সংগঠনের পূর্ব বর্ধমান জেলা শাখার উদ্যোগে সাংবাদিক বৈঠকে জেলার আহ্বায়ক বিশ্বজিৎ দে ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মিত্র। এদিন তাঁরা জানিয়েছেন, গত ১৭ বছর ধরে সরকার লাক্সারি ট্যাক্সির ভাড়া বাড়ায়নি। ২০০৮ সালের রেট অনুযায়ী এখনও ৪৭৫ টাকা হারেই সবকিছু চলছে। অথচ গত ১৭ বছরে বাজার মূল্য অনেকগুণ বেড়েছে। গাড়ির সরকারি ট্যাক্স, ইনসিওরেন্স, পারমিট চার্জ-সহ সবকিছুই কয়েকগুণ বাড়লেও সরকার ভাড়া বাড়ায়নি। এদিন তাঁরা অভিযোগ করেছেন, বহু সরকারি দপ্তরের অধস্তন কর্মী গাড়িতে সরকারি বোর্ড লাগিয়ে ঘুরছেন। এমনকি তাঁদের বিল পাস করে দেবার নাম করে কাটমানি চাওয়া হচ্ছে। কিছু অফিস আধিকারিক অবৈধভাবে সিন্ডিকেট রাজ চালাচ্ছে এই গাড়ি ভাড়া নিয়ে। বিশ্বজিতবাবুরা এদিন সরাসরি অভিযোগ তুলেছেন বর্ধমানের হাউসিং ডিরেক্টরেট ওয়েস্ট সার্কেল, ইরিগেশন সার্কেল, কোঅপারেশেন ডিরেক্টরেট বিভাগ, ড্রাগ কন্ট্রোল বিভাগ এবং এগ্রি মেকানিক সার্কেল, ওয়াটার রিসোর্স ডেভেলপমেন্ট ডিরেক্টরেট প্রভৃতি দপ্তরের বিরুদ্ধে। তাঁরা জানিয়েছেন, সরকারি সুনির্দিষ্ট নির্দেশিকা থাকা সত্ত্বেও তা অগ্রাহ্য করে আধিকারিকরা নিজেদের পছন্দমতো গাড়ি ব্যবহার করছেন। বহু ডিপার্টমেন্ট মাসের পর মাস বিল বকেয়া রেখে দিচ্ছে। সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে ব্যক্তি স্বার্থে যত্রতত্র গাড়ি ব্যবহার করছেন। তাঁরা এদিন অভিযোগ করেছেন, খোদ পূর্ব বর্ধমান জেলাশাসকের কাছে এই অনিয়ম নিয়ে এক আধিকারিকের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে অভিযোগ জানালেও কোনো সুরাহা মেলেনি।
E Purba Bardhaman Purba Bardhaman District News