
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- রাজ্য শিশু কিশোর আকাদেমি এবং পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে মঙ্গলবার থেকে জেলায় প্রথমবার ২ দিনের জন্য শুরু হল ছড়া লেখার কর্মশালা ‘ছড়াগড়া’। জেলা সংস্কৃতি দপ্তরের মিটিং রুমে শিশু সাহিত্যিক সুনির্মল বসুর জন্মদিন উপলক্ষ্যে এই কর্মশালায় অংশ নিল পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণীর মোট ৭০ জন ছাত্রছাত্রী। পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক রামশংকর মণ্ডল জানিয়েছেন, শিশুদের মনের বিকাশ ঘটাতে এই ছড়া লেখার কৌশল শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
কীভাবে মজার মজার ছড়া লেখা যায়, সেই ছড়াকে কীভাবে আকর্ষিত করা যায় সেসব নিয়েই এই দুদিনের কর্মশালায় প্রশিক্ষক হিসাবে উপস্থিত হয়েছেন আশীষ মুখোপাধ্যায়, প্রদীপ আচার্য, শ্যামাচরণ কর্মকার, সংকল্প সেনগুপ্ত, অনির্বাণ ঘোষ প্রমুখরা। কর্মশালার শেষ দিনে সকল অংশ গ্রহণকারীদের আকাদেমির বই ও শংসাপত্র দেওয়া হবে। রামশংকরবাবু জানিয়েছেন, এই ছড়াগড়ার কর্মশালার জন্য গোটা জেলা থেকে প্রায় ১৫০-রও বেশি আগ্রহী ছাত্রছাত্রীরা অংশ নিতে চেয়েছিল। কিন্তু পরিকাঠামোর সমস্যার জন্য তাঁরা তাঁদের নিতে পারেননি। এব্যাপারে তিনি রাজ্য শিশু কিশোর আকাদেমির কাছে আগামী দিনে আরও বড় করে এই কর্মশালার আয়োজন করার জন্য আবেদন জানিয়েছেন।
E Purba Bardhaman Purba Bardhaman District News